পর্ব ১: মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল কীভাবে শুরু করবেন?
সত্যি বলতে, মুভি দেখা আর মুভি নিয়ে একটা ইউটিউব চ্যানেল চালানো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনি হয়তো প্রতিদিন একটা-দুইটা মুভি দেখেন। কিন্তু সেই মুভির গল্পকে এমনভাবে উপস্থাপন করা, যাতে একজন অপরিচিত মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে, কয়েক মিনিট ধরে দেখে এবং শেষে সাবস্ক্রাইব করে এটাই আসল খেলা। আর এই সিরিজের প্রথম পর্বে আমরা সেই খেলার একদম প্রথম ধাপ থেকে শুরু করব।
প্রথমে একটা বিষয় পরিষ্কার করি
একটা মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল মানে শুধু মুভির নাম দিয়ে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করা নয়। এটা একটা কনটেন্ট চ্যানেল। এখানে আপনার কাজ হবে মুভির গল্পকে নিজের ভাষা ও নিজের প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরা। তাই চ্যানেল খোলার আগেই আপনার মাথায় একটা পরিষ্কার ধারণা থাকা দরকার:
- আমি কী ধরনের ভিডিও বানাব?
- কার জন্য বানাব?
- কেন মানুষ আমার ভিডিও দেখবে?
এই ৩টা প্রশ্নের উত্তর পরিষ্কার না করে সরাসরি চ্যানেল খুলে ফেললে পরে অনেক কিছু আবার নতুন করে ঠিক করতে হতে পারে।
আগে চ্যানেলের ধরন ঠিক করুন
আপনার প্রথম সিদ্ধান্ত হবে আপনি আসলে কী ধরনের মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল বানাতে চান তা সিলেক্ট করা! কারণ “মুভি এক্সপ্লেইন” নিজেই অনেক বড় একটা সেক্টর! এখানে আপনি চাইলে হরর মুভি এক্সপ্লেইন, থ্রিলার মুভি এক্সপ্লেইন, সাই-ফাই মুভি এক্সপ্লেইন, মিস্ট্রি মুভি এক্সপ্লেইন, কোরিয়ান মুভি এক্সপ্লেইন অথবা বিভিন্ন ধরনের মুভি মিলিয়ে বাংলা মুভি এক্সপ্লেইন চ্যানেল করতে পারেন।
শুরুতেই সবকিছু একসঙ্গে করার দরকার নেই। আপনার পছন্দ এবং আপনি নিয়মিত কোন ধরনের মুভি নিয়ে কাজ করতে পারবেন সেটা ভেবে এই ডিসিশন নিলে ভালো হয়।
আপনার অডিয়েন্স কে বাছাই করুন
এবার নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, আমি কার জন্য ভিডিও বানাচ্ছি? ধরুন আপনি বাংলাদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের টার্গেট করছেন। তাহলে আপনার ভাষা, রসবোধ, উদাহরণ এবং ভিডিওর উপস্থাপন সেই অডিয়েন্সের সঙ্গে মিলিয়ে তৈরি করা সহজ হবে। আবার আপনি যদি বাংলাদেশ এবং ভারতের বাংলা ভাষাভাষী দর্শক দুই জায়গাকেই ধরতে চান, তাহলে এমন ভাষা ব্যবহার করতে পারেন যেটা দুই জায়গার দর্শকই সহজে বুঝতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন অডিয়েন্স যত পরিষ্কার হবে, কনটেন্ট বানানোর সিদ্ধান্তও তত সহজ হবে! আপনি যখন জানবেন কার জন্য বানাচ্ছেন, তখন পরে মুভি নির্বাচন, স্ক্রিপ্ট এবং ভিডিওর ভাষা ঠিক করাও সহজ হবে।
চ্যানেলের নাম ঠিক করুন
এখন আসি সবচেয়ে মজার জায়গায়। চ্যানেলের নাম…! অনেকে এখানে এমনভাবে চিন্তা করেন যেন নাসার নতুন কোনো গ্রহের নাম দিতে হবে। ৩ দিন ধরে ৪৭টা নাম লিখবেন, তারপর সব বাদ দিয়ে আবার প্রথম নামটাই পছন্দ হবে। আমার মতে আসলে নাম খুব complicated হওয়ার দরকার নেই। আপনার নাম হতে পারে ছোট, সহজে মনে রাখার মতো, উচ্চারণে সহজ, মুভি বা গল্পের সঙ্গে সম্পর্কিত এবং সবশেষে ভবিষ্যতে ব্র্যান্ড হিসেবে ব্যবহারযোগ্য! আপনি চাইলেই নামের মধ্যে মুভি, সিনেমা, গল্প, এক্সপ্লেইন ধরনের শব্দ ব্যবহার করতে পারেন। তবে অন্য কোনো জনপ্রিয় চ্যানেলের নাম হুবহু কপি করবেন না।
চ্যানেল তৈরি করুন
এবার একটা Google অ্যাকাউন্ট দিয়ে YouTube-এ চ্যানেল তৈরি করে ফেলুন। চ্যানেল তৈরি করার পর কয়েকটি basic জিনিস সেট করে নেবেন। যেমন:
- চ্যানেলের নাম
- প্রোফাইল ছবি
- ব্যানার
- চ্যানেলের ডেসক্রিপশন
এগুলো খুব complicated করার দরকার নেই। তবে সবকিছু এমনভাবে সেট করবেন যেনো আপনার নতুন মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল দেখে একজন নতুন দর্শক কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারে এই চ্যানেলে মুভির গল্প এক্সপ্লেইন করা হয়। আর এটাই যথেষ্ট।
শুরুতেই দামি সেটআপ নয়
এটাই নতুনদের জন্য সবচেয়ে ভালো খবর। এখানে শুরুতেই দামি ক্যামেরা, স্টুডিও, লাইটিং সেটআপ বা কয়েক লাখ টাকার কম্পিউটার কিনতে হবে এমন কোনো নিয়ম নেই। একটা ভালো স্মার্টফোন দিয়েই শুরু করা যায়। কারণ মুভি এক্সপ্লেইনে আপনার মূল প্রয়োজন হবে:
- ফোন
- ইন্টারনেট
- ভয়েস রেকর্ড করার ব্যবস্থা
- ভিডিও এডিট করার ব্যবস্থা
- আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়
ধরুন আপনি দিনে মাত্র ১ ঘণ্টা সময় দিতে পারেন। সেই ১ ঘণ্টা দিয়েও ধীরে ধীরে চ্যানেল তৈরি করা সম্ভব। আজ চ্যানেল সেটআপ। আগামীকাল কনটেন্ট নিয়ে কাজ। তারপর প্রথম ভিডিও। মোটকথা আপনাকে প্রথম দিনেই পুরো চ্যানেল perfect বানাতে হবে না।
নিজের একটা কাজের রুটিন বানান
এখানে অনেকেই ভুল করেন। অনেকেই ভাবেন “সময় পেলে ভিডিও বানাব।” সমস্যা হলো সময় পাওয়া আর হয়ে উঠো না। তার চেয়ে ঠিক করুন প্রতিদিন ১ ঘণ্টা সময় দেবেন, অথবা সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন। আপনার কাজের সময় অনুযায়ী একটা বাস্তব রুটিন বানান। কারণ মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল একদিনে তৈরি হলেও ভালো চ্যানেল তৈরি হতে সময় লাগে। আপনি যদি দিনে মাত্র ১ ঘণ্টা দেন এবং সেই সময়টা নিয়মিত ব্যবহার করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই নিজের একটা কাজের সিস্টেম তৈরি করে ফেলতে পারবেন।
প্রথম দিনেই যা করবেন না
প্রথম দিনেই ১০০টা ভিডিওর চিন্তা করবেন না! মনে রাখবেন আপনার এখন দরকার শুধু প্রথম ভিডিও। না ১০০টা, না ৫০টা! শুধু ১টা! কারণ প্রথম ভিডিও না বানালে আপনি কখনো জানতে পারবেন না আপনার কোথায় সমস্যা হচ্ছে, আপনার ভয়েস কেমন, আপনার গল্প বলার ধরন কেমন, আপনার ভিডিও দেখতে কেমন, আপনার থাম্বনেইল কেমন!
তাহলে কি প্রথম ভিডিও থেকেই টাকা আসবে?
এখানে একটু বাস্তব কথা বলি। সেটা হচ্ছে না আসলেও অবাক হবেন না। প্রথম ভিডিওতে ১০০০ ভিউ আসতে পারে। আবার ১০০ ভিউও আসতে পারে। এমনকি ৪২ ভিউও হতে পারে। আর সেই ৪২ ভিউয়ের মধ্যে যদি ১৭টা আপনি নিজেই দেখে থাকেন তবুও জীবন শেষ হয়ে যাবে না ভাই! কারণ প্রথম পর্যায়ে আপনার আসল লাভ টাকা না, আসল লাভ অভিজ্ঞতা। প্রথম ভিডিও আপনাকে দ্বিতীয় ভিডিও বানাতে সাহায্য করবে। দ্বিতীয় ভিডিও আপনাকে তৃতীয়টা আরও ভালো করতে সাহায্য করবে। এভাবেই একটা মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেবে!
আর হ্যাঁ…কপিরাইট ভুলে যাবেন না
মুভি অন্য কারও তৈরি করা কনটেন্ট। তাই চ্যানেল শুরু করার সময় থেকেই কপিরাইট সম্পর্কে সচেতন থাকা জরুরি। ৫ সেকেন্ড ব্যবহার করলেই safe, ১০ সেকেন্ড পর্যন্ত copyright হয় না এই ধরনের কথা শুনে কাজ শুরু করবেন না। কপিরাইটের বিষয়টা এত simple না। মুভির ফুটেজ কীভাবে ব্যবহার করছেন, আপনার নিজের commentary ও explanation কতটা আছে এবং কনটেন্টের সামগ্রিক ধরন কেমন এসব গুরুত্বপূর্ণ হতে পারে। এই কারণেই আমাদের সিরিজের পরের দিকের একটি পুরো পর্ব থাকবে কপিরাইট নিয়ে। এখন শুধু মনে রাখুন চ্যানেল শুরু করার আগেই নিয়মটা বুঝে শুরু করা ভালো।
সো মোটামুটি আপনার প্রথম দিনের কাজ
এখন বলে দিচ্ছি আপনাকে বেশি কিছু আজ আর করতে হবে না। শুধু এই ৬টা কাজ করুন:
১. মুভি এক্সপ্লেইন করার সিদ্ধান্ত নিন।
২. আপনার অডিয়েন্স ঠিক করুন।
৩. কোন ধরনের মুভি নিয়ে কাজ করবেন তার একটা প্রাথমিক ধারণা নিন।
৪. চ্যানেলের নাম ঠিক করুন।
৫. YouTube চ্যানেল তৈরি করুন।
৬. প্রথম ভিডিও বানানোর জন্য একটা নির্দিষ্ট দিন ঠিক করুন।
ব্যস! আজ আপনার কাজ লাখ ভিউ পাওয়া না। আজ আপনার কাজ হলো “আমি একদিন চ্যানেল খুলব” থেকে “আমার চ্যানেল খুলে ফেলেছি” পর্যায়ে যাওয়া।
এখন তো আপনার মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন চ্যানেলে প্রথম ভিডিও হিসেবে কোন মুভি দেবেন? কারণ যেকোনো মুভি নিয়ে ভিডিও বানিয়ে ফেললেই হবে না।
আপনার সিলেক্ট করা মুভি এমন হতে হবে যেটা আপনার অডিয়েন্স দেখতে চাইবে, যার গল্প নিয়ে কৌতূহল তৈরি করা যাবে এবং যেটাকে ভালোভাবে এক্সপ্লেইন করার সুযোগ আছে। সেটা নিয়েই তৈরি হবে আমার আর্টিকেলের পর্ব ২।
সাথেই থাকুন!
✍️ সুলতানা আফিয়া তাসনিম
![সিনেমা থেকে স্টোরিটেলার: মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল গাইডলাইন [পর্ব: ০১] movie-explain-youtube-channel-start-guide-bangla-part-1.jpg](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRHHn66ipCSiBHhD4mw5b7p36dbG2s2eduQstmrbes-wkAdvjN0deWq1M9CHgzT8TVM6l_8hczfTwuMWyWFdtwq5TqeDANXOZ8SbpR7cDDZtPoL4cwi3V77LP5xT0S3vRXu8e_TxkxuqpvmI4dNB194iZxL8A7AiiAqymiw41DaDzpAlDvFBx-7L44jj2Q/s1600-rw/1_20260829_125718_0000.png)